ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে ইউনিয়নের গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে প্রচারণা চালাচ্ছে মধুপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার অরণখোলা ও আউশনারাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচারণা অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন।
এ ছাড়া গণভোট বিষয়ে প্রস্তুত করা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে বিষয়টি সহজভাবে উপস্থাপন করা হয়। সে সময় গণভোট–সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এইচআর/আরএন