ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মধু আহরণে স্বাবলম্বী মৌয়ালরা
ইসলামপুরে সরিষা উৎপাদনে অপার সম্ভাবনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম
X

জামালপুরের ইসলামপুরের মাঠে মাঠে এখন নয়নাভিরাম সরিষার হলুদ ফুলের সমারোহ। বিস্তৃত মাঠ যেন ঢেকে আছে অপার সুন্দর এক হলুদ গালিচায়। সরিষা ফুলের মধু সংগ্রহে এসব জমির পাশে পোষা মৌমাছির শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মৌয়ালরা। বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে। যেন মধু সংগ্রহে পেশাদার মৌয়ালদের মহোৎসব চলছে। এ অপরূপ দৃশ্যে মুগ্ধ হচ্ছে স্থানীয় শিশু-কিশোর থেকে প্রকৃতিপ্রেমী প্রতিটি মানুষ।

সরেজমিনে উপজেলার গাইবান্ধা, পলবান্ধা, পাথর্শী, চরপুটিমারী, চরগোয়ালিনী, গোয়ালেরচর এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ফসলি জমিতে সরিষার আবাদ হয়েছে। এসব জমিতে সরিষার ফুল ফুটেছে। আর ফুলের মধু আহরণে নেমেছেন মৌয়ালরা। মৌয়ালদের বাক্স থেকে দলে দলে উড়ে যাচ্ছে পোষা মৌমাছি। ঘুরে বেড়াচ্ছে এ ফুল থেকে ও ফুলে। সংগ্রহ করছে মধু। মুখভরা মধু নিয়ে এরা ফিরে যাচ্ছে মৌয়ালদের বাক্সে রাখা মৌচাকে। সেখানে মধু জমা করে ফের ফিরে আসছে সরিষার জমিতে। 

এভাবে সারা দিন মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করে, আবার বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়াতে গিয়ে পুরো জমির পরাগায়নেও সহায়তা করে। এ মৌসুমে মৌয়ালরা পোষা মৌমাছি দিয়ে প্রচুর মধু উৎপাদন করে যেমন লাভবান হচ্ছেন ঠিক তেমনি মৌমাছির ব্যাপক পরাগায়নে সরিষার বাম্পার ফলন হওয়ায় চাষিরাও আশা রাখছেন।

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর এলাকায় সরিষার ফুলের মধু সংগ্রহে সোনারগাও থেকে আসা পেশাদার মৌয়াল ফজলুল রহমান জানান, তিনি পোষা মৌমাছির ১৩০টি বাক্স নিয়ে সরিষা ফুলের মধু সংগ্রহ করছেন। এখানে সরিষার ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করে তিনি যেমন লাভবান হচ্ছেন ঠিক তেমনি মৌমাছির ব্যাপক পরাগায়নে সরিষার বাম্পার ফলন হওয়ায় স্থানীয় চাষিরাও আশার আলো দেখছেন।

একই উপজেলার পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় গ্রামে সরিষার ফুল থেকে পোষা মৌমাছি দিয়ে মধু সংগ্রহে নারায়ণগঞ্জ থেকে আসা পেশাদার মৌয়াল জামাল হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পোষা মৌমাছির ১৬০টি বাক্স নিয়ে সরিষার ফুলের মধু সংগ্রহে ইসলামপুরে এসেছেন। প্রতি সপ্তাহে গড়ে নয় মণ মধু সংগ্রহ করতে পারেন।

মৌয়ালরা আরও জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক পেশাদার মৌয়াল জামালপুরের সাতটি উপজেলায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কাজ করছেন। এসব মধু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন মৌয়ালরা। আবার মধ্যস্বত্তভোগীরা এ মধু বিদেশ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৮৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬ হাজার ৮৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় ১ দশমিক ৫ টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপজেলায় ২৫টি স্পটে মৌয়ালরা মধু সংগ্রহের দুই হাজার ৯২০টি বক্স বসিয়েছে। সরিষার ভালো ফলনের সম্ভাবনা ও মধু উৎপাদন উভয় ক্ষেত্রেই ইসলামপুর উপজেলার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 

এলএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝