সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে শুরু হয়েছে বাদশাগঞ্জ ক্রিকেট লীগ–২০২৬ (সিজন থ্রি)।
শুক্রবার সন্ধ্যায় বাদশাগঞ্জ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ। তিনি বলেন, "খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। সুস্থ সমাজ গঠনে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।"
এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ড্রাফটে ভাটিয়ালি এক্সপ্রেস দলে অর্ণব চৌধুরীকে সর্বোচ্চ ৩৩ হাজার টাকায় দলে ভেড়ানো হয়।
ওলিউজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির উপদেষ্টা মাহমুদুজ্জামান কানন। আয়োজনে আরও ছিলেন নাসিম খান, জহিরুল ইসলাম, রিফাত হাসান জনি ও হামিম আহমেদ ফারহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক সালেহ আহমদ, ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক ও শিক্ষক আরিফ খান, স্থানীয় ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক তরুণ।
আয়োজক কমিটির উপদেষ্টা মাহমুদুজ্জামান কানন বলেন, "এই লীগ তরুণদের মাঠমুখী করতে এবং খেলাধুলার প্রতি দীর্ঘমেয়াদি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, "নিয়মিত খেলাধুলা তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরিই এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য।"
উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাগঞ্জ ক্রিকেট লীগ–২০২৫ এ বিশেষ অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাঠে টানে। এতে সামাজিকভাবে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
আয়োজকদের আশা, এই ক্রিকেট লীগ ধারাবাহিকভাবে চললে ধর্মপাশার তরুণদের জন্য এটি একটি নিয়মিত ক্রীড়া প্ল্যাটফর্মে পরিণত হবে।
একে/ এসআর